আবনা ডেস্কঃ ইসরাইল অধিকৃত পশ্চিম তীরের রামাল্লাহ শহরের উত্তর প্রান্তে এক ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করেছে ইসরাইলি সেনাবাহিনী। ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রণালয় জানিয়েছে, নিহত কিশোরের নাম মুসাব ফিরাস আল-তামিমি(১৭)। সে দেইর নিতহাম গ্রামের বাসিন্দা ছিল। তার নিজ গ্রামেই বুধবার তাকে তার ঘাড়ে গুলি করে হত্যা করা হয়। এ খবর দিয়েছে আলজাজিরা।
স্বাস্থ্যমন্ত্রণালয়ের এক মুখপাত্র মারিয়া আকরা বলেন, তার ঘাড়ে গুলি করার কিছুক্ষণের মধ্যেই সে মারা যায়। তিনি আরো বলেন, গুলিবিদ্ধ হওয়ার পরপরই তাকে রামাল্লাহর একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেখানে যাওয়ার মিনিট কয়েকের মধ্যেই সে মৃত্যুবরণ করে। আকরা বলেন, ইসরাইলি সেনাদের সঙ্গে এক বিবাদের সময় তাকে গুলি করা হয়। নিউজ ওয়েবসাইট টাইমস অব ইসরাইল প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি সেনাবাহিনী বলেছে, তাদের কাছে মুসাবকে দেখে মনে হয়েছে, সে একটি বন্দুক নিয়ে এসেছে। কিন্তু তাকে গুলি করার সময় সে সশস্ত্র ছিল কি-না তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। সেনাবাহিনীর এক মুখপাত্র ওয়েবসাইটটিকে জানিয়েছে যে, মুসাবের হত্যাকাণ্ড নিয়ে তদন্ত করা হচ্ছে।
৫ জানুয়ারি ২০১৮ - ১৫:৪৮
News ID: 875873
ইসরাইল অধিকৃত পশ্চিম তীরের রামাল্লাহ শহরের উত্তর প্রান্তে এক ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করেছে ইসরাইলি সেনাবাহিনী।